বিশ্বকাপে রানার্সআপ দলকে সংবর্ধনা, লক্ষ টাকা করে পুরস্কার ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ই-স্তর প্লেট পর্বে রানার্সআপ হয়ে ফিরেছে বাংলাদেশ। দলটিকে সকালে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়ার পর দুপুরে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবর্ধনা অনুষ্ঠানে আর্থিক পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সাফল্য বয়ে আনা দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের হাতে এক লক্ষ টাকা করে পুরস্কারের চেক তুলে দেন আমিনুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টরও। দলকে তিন লক্ষ টাকা দেয়ার ঘোষণা করেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘পুরো প্রক্রিয়াটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেখছেন। এ খেলোয়াড়রা যেন হারিয়ে না যায়, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। খেলাধুলাকে এগিয়ে নিতে আমরা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ শুরু করেছি। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘পুরো বিশ্বে বাংলাদেশ মিশন বা অ্যাম্বাসি আছে ৮০টির মতো। তবে ফুটবল ছড়িয়ে আছে ২০৫টি দেশে। আমাদের খেলোয়াড়রা যে পারফরম্যান্স করেছে তার জন্য তাদের প্রাণখোলা অভিনন্দন। তাদের এ অর্জন আমাদের মুগ্ধ করেছে। আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ধন্যবাদ জানাই।’
সদ্যগত আসরে গ্রুপপর্বে ৫টি ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। পরেরদিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সাথে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে। তবে ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তোলে ফাহিমের দল।
তাতে বাংলাদেশ প্লেট পর্বে পৌঁছায়। সেখানে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে জেতে, হারায় সিশেলসকে। শেষ ষোলোতে সিঙ্গাপুরকেও টাইব্রেকারে হারায়। কোয়ার্টারে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। সেখানে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে যায়।
ফাইনালে সাফল্য আসেনি। ই-স্তরের শিরোপা জেতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দেশটির কাছে ৪-১ গোলে হেরে যান ফাহিম হাসানরা।




