নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি জনবহুল চায়ের দোকানে বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কাউরি গ্রামে বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা জানান, বোমাটি মাটিতে পোঁতা ছিল এবং এটি কোনো আত্মঘাতী হামলা নয়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
বোর্নো রাজ্যের গোজা এলাকায় সন্দেহভাজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের ধারাবাহিক হামলায় ৩২ জন নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই বোমা হামলার ঘটনা ঘটলো। নিরাপত্তা কর্মকর্তারা জানান, গোজায় বিয়ে, হাসপাতাল এবং সমাধিস্থল লক্ষ্য করে তখন হামলা চালানো হয়েছিল।
বোর্নোতে গত ১৫ বছর ধরে ইসলামপন্থী বিদ্রোহ চলে আসছে। এ বিদ্রোহে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।








