১৪ পুলিশ নিহত, আহত ৩ শতাধিক: পুলিশ সদর দপ্তর

The Channel i office building in Bangladesh, a prominent Bengali-language news portal covering various topics. Channel i News – চ্যানেল আই নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রোববারের সহিংসতায় সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ ও কুমিল্লায় একজন পুলিশ মারা গেছেন।
এছাড়াও প্রায় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক জন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সন্ত্রাসীরা ডিএমপির যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানা আক্রমণ করেছে। আহত পুলিশ সদস্য প্রায় তিন শতাধিক।






