রাজনীতি

১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে। এছাড়াও ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে পৃথকভাবে কতটি মামলা হয়েছে, তা পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।

একের পর এক ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক এবং অর্থায়নের উৎস খুঁজে বের করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

বিষয়:৭৪ পরিবহনে আগুন ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড পুলিশ সদর দপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…