জনপদ

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১৩টি গরু লুট

খামার থেকে গরু চুরির ঘটনায় গ্রামবাসী ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খামার থেকে ১৩টি গরু চুরির ঘটনায় এলাকায় জনসমাগম ও পুলিশি তৎপরতা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেনীর দাগনভূঞায় গরুর খামারে শ্রমিকদের অস্ত্র ঠেকিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জেলার ৫ হাজারের বেশি খামারির মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

উপজেলার রাজাপুর পূর্ব জয় নারায়ণপুর খান এগ্রো ফার্মে শুক্রবার (৭ জুন) দিবাগত গভীর রাতে খামারে প্রবেশ করে হামলা চালিয়ে ও অস্ত্র ঠেকিয়ে শ্রমিকদের বেঁধে লুট করা হয় ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি শাহীওয়াল জাতের গরু।

খবর পেয়ে ফেনী পুলিশ সুপার জাকির হাসান শনিবার (৮ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খামার মালিক ও শ্রমকিরা জানান, কোরবানির ঈদে বিক্রির জন্য মানুষ থেকে ঋণ নিয়ে ২১টি গরু খামারে আনি। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ১৮-২০ জনের একটি ডাকাতদল খামারের পেছনের টিন কেটে প্রবেশ করে খামারের ভেতরে থাকা শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ১৩টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। কিছু গরুকে দড়ি কেটে ছেড়ে দেয়। এসময় দুর্বৃত্তরা খামারের শ্রমিকদের মারধর করে। ভোর বেলায় মুসল্লিারা নামাজ পড়তে এলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে। গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনকে অনুরোধ করছি। লুট হওয়া গরুগুলো উন্নতমানের শাহীওয়াল জাতের। প্রতিটি গরুর ওজন ৬ মণের বেশি। প্রতিটির বাজার মূল্য রয়েছে দুই লাখের বেশি।

এক বছরে ফেনী জেলায় গরু চুরির ঘটনায় ২২টি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, চুরি হওয়া গবাদিপশুর সংখ্যা ৪৯টি। বেসরকারি হিসেবে চুরির ঘটনা অনেক বেশী। ক্ষতিগ্রস্থরা বিভিন্ন কারণে মামলা না করায় থানায় রেকর্ড থাকে না। চলতি মৌসুমে ফেনীর ৫ হাজার ২২৫ জন খামারি তাদের খামারে ৯০ হাজার ২৫০টি পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করছেন।

খামারিরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এলাকায় পুলিশের টহল আরও জোরদার থাকলে এমন ঘটনা ঠেকানো যেত। পুলিশ চাইলে দ্রুত সময়ে লুট হওয়া গরু গুলো উদ্ধার করা সম্ভব। খামারিদের নিরাপত্তা দেয়ার অনুরোধ জানান তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দ্বীন মোহাম্মদ জানান, পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে মাঠে কাজ করছে। অভিযান চালানো হচ্ছে।

বিষয়:গরু লুট ফেনীর দাগনভূঁঞা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…