পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে একটি পুলিশ ফাঁড়িতে গাড়িবোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন এবং নিখোঁজ আছে কয়েকজন।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শনিবার (৯ মে) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ চেকপোস্টে আছড়ে ফেলা হয়। এরপর কয়েকজন সশস্ত্র জঙ্গি চৌকিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
বান্নুর পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে জানান, হামলায় ১২ জন পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও একজন সদস্য নিখোঁজ রয়েছেন। তিনজন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা জানান, গাড়িবোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা চৌকিতে হামলা চালায় এবং ছোট ড্রোনও ব্যবহার করে। এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারীরা কোয়াডকপ্টার ড্রোন ও ভারী অস্ত্র ব্যবহার করেছে।
তিনি আরও জানান, হামলার পর পিছু হটার সময় জঙ্গিরা চৌকি থেকে কিছু পুলিশ সদস্য ও অস্ত্র সঙ্গে করে নিয়ে যায়।
সাম্প্রতিক বছরগুলোতে বান্নু অঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়েছে। বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
যদিও কাবুলের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার ঘটনাও ঘটেছে।








