৭৮ বছরে কথার জাদুকর হুমায়ূন আহমেদ

কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭৮ তম জন্মদিন শুক্রবার (১৩ নভেম্বর)। ১৯৪৮ সালের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।
কথার জাদুকর হুমায়ূন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার। ছোট গল্প, উপন্যাস, শিশুতোষ উপন্যাস- সাহিত্যের সব জায়গায় ছিল তার সরব উপস্থিতি। কখনও আবার রং-তুলির ছোঁয়ায় রাঙিয়েছেন ক্যানভাস!
‘নন্দিত নরকে’ এবং ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’সহ দুই শতাধিক উপন্যাস লিখেছেন। তার রচিত ‘হিমু’, ‘শুভ্র’, ‘মিসির আলি’র মতো অনবদ্য চরিত্রগুলো আজও মানুষের মন ছুঁয়ে যায়।
পিছিয়ে ছিলেন না নির্মাণেও। ছোটপর্দা, বড়পর্দায় তার নানা সৃষ্টি বাঙালির মনে দাগ কেটে থাকবে হাজার বছর।
আশির দশক থেকে শুরু করে তাঁর নির্মিত ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’র মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছেও এখনও একইভাবে জনপ্রিয়। ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, সর্বশেষ ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বি লেখক।
তার প্রতিটি নির্মাণের বিশেষত্ব ছিল গানের ব্যবহার। কখনও রবীন্দ্র সংগীত, কখনও নজরুল গীতি, আবার কখনও বা নিজের লেখা গান দিয়ে ছুঁয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়।
২০১২ সালের ১৯ জুলাই নির্মাণের মহান এই কারিগর নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পরেও নিজের সৃষ্টির মধ্য দিয়ে তিনি আজও পাঠক ও দর্শকের মনে জাগরুক!
শুক্রবার দিনভর নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ করবে চ্যানেল আই। নাটক, সিনেমা গানসহ নানান অনুষ্ঠান প্রচারের পাশাপাশি থাকছে বইমেলাও।
কালজয়ী কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী শুক্রবার (১৩ নভেম্বর)। নন্দিত এই লেখকের জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে তাকে স্মরণ করবে চ্যানেল আই।
হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন
টেলিভিশনের পর্দায় তার নির্মিত চলচ্চিত্রের গান ও সিনেমা প্রচারের পাশাপাশি থাকছে বইমেলা এবং বিশেষ উদ্যোগ।
জন্মদিনের সকালে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’তে হুমায়ূন আহমেদকে স্মরণ করে সংগীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী প্রান্তি, অর্থি ও ইমরান খন্দকার। তাদের কণ্ঠে শোনা যাবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের জনপ্রিয় গান।
দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানেও উপভোগ করা যাবে তার পরিচালিত সিনেমার গান।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন। ১৩, ১৪ ও ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা। এতে হুমায়ূন আহমেদের লেখা বই ৩০ শতাংশ কমিশনে কিনতে পারবেন পাঠকরা।
এদিকে চ্যানেল আই অনলাইনের বিশেষ আয়োজন ‘আমার হুমায়ূন’-এ উঠে আসবে নন্দিত এই লেখককে ঘিরে নানা স্মৃতি, ভালো লাগা ও ব্যক্তিগত অনুভূতি। তার সাহিত্য ও নির্মাণের সঙ্গে যুক্ত মানুষ এবং পাঠক-দর্শকদের কাছে হুমায়ূন আহমেদকে নতুন করে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য।
জন্মদিনের আগের দিন (১২ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হাস্যরসাত্মক এই সিনেমার পুরো দৃশ্যধারণ করা হয়েছে নুহাশ পল্লীতে। এতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীনসহ অনেকে।






