মারা গেছেন ১৯৪৮ লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে সাইক্লিংয়ে স্বর্ণপদকজয়ী অ্যাথলেট চার্লস কস্তে। ১০১ বছর বয়সে জীবনাবসান হয় বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক পদকজয়ী কস্তের।
২০২৪ প্যারিস অলিম্পিকে মশাল বহন করেছিলেন শতবর্ষী কস্তে। দেশটির ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি তার মৃত্যুর খবর জানিয়েছেন। ৩১ অক্টোবর মারা গেছেন কস্তে।
রোববার মৃত্যুর খবর জানিয়ে মারিয়ানা বলেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে অবগত হলাম, লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন। অ্যাথলেটিক্সে তিনি রেখে গেছেন সমৃদ্ধ এক ইতিহাস ও ঐতিহ্য।’
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেন ট্র্যাক সাইক্লিস্ট কস্তে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিশ্রুতিশীল সাইক্লিস্ট ছিলেন তিনি। যুদ্ধ শেষে আবার ফিরে আসেন ট্র্যাকে।
ফ্রান্সের জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন ১৯৪৭ সালে। তার ঠিক পরবর্তী বছর লন্ডন অলিম্পিকে সাইক্লিংয়ের টিম পারস্যুট ইভেন্টে সেমিফাইনালে ব্রিটেন ও ফাইনালে ইতালিকে হারাতে রেখেছিলেন বড় ভূমিকা।








