ফুটবল

হাসপাতাল ছাড়লেন ক্যাসিয়াস, মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা

হাসপাতাল ছাড়লেন ক্যাসিয়াস, মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা

হৃদরোগে আক্রান্ত হওয়ার পাঁচদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তবে ৩৭ বছর বয়েসী পোর্তোর গোলকিপার আদৌ আর মাঠে ফিরবেন কি না, তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত বুধবার অনুশীলনের মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হন পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর গোলকিপার ক্যাসিয়াস। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ক্যাসি।

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি জানিয়েছেন, আগের চেয়ে অনেক তরতাজা লাগছে। তবে কবে তিনি মাঠে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি স্প্যানিশ তারকা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাসি বলেন, ‘এক-দুই সপ্তাহ বা মাস বিশ্রাম নিতে হবে। জানি না কবে মাঠে ফিরতে পারব।’

দ্রুত সেরে ওঠার জন্য এদিন তিনি ভাগ্য এবং চিকিৎসকদের ধন্যবাদ দেন। সেই সঙ্গে অগণিত ভক্তের সমর্থন ও শুভকামনার প্রতিও কৃতজ্ঞতা জানান। এমনকি এক ভক্তের আবদার মেটাতে সেল্ফিতে পোজ দিতেও আপত্তি করেননি রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ সাবেক অধিনায়ক।

বিষয়:ক্যাসিয়াস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…