করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসাইন।
মালয়েশিয়ায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের সেদেশের সার্বিক সহযোগিতা করছে বলেও পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন জানিয়েছেন।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসাইন বিষয়গুলো উল্লেখ করেছেন।
প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা বিষয়ে মালয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে নিশ্চিত করেছেন তিনি। ।
হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সেদেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।







