বাংলাদেশ

অটিজমে অবদানের স্বীকৃতি, আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইয়াশা সোবহান

অটিজমে অবদানের স্বীকৃতি, আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইয়াশা সোবহান

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস’ উপাধিতে ভূষিত হয়েছেন তিনি।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স ২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বের বিভিন্ন দেশের কৃতী ব্যক্তিদের স্বীকৃতি জানাতে এ আয়োজন করা হয়।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা এবং সামগ্রিক বিকাশে কাজ করছেন। শিশুদের নিজস্ব সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি, তাদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং সমাজে তাদের সমান অংশগ্রহণের পথ সুগম করা তার এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিশেষ চাহিদা যেন কোনো শিশুর শেখা, বেড়ে ওঠা কিংবা সমাজে নিজের অবস্থান তৈরির পথে বাধা হয়ে না দাড়ায়—এমন লক্ষ্য সামনে রেখে কাজ করছে ফাউন্ডেশনটি। শিশুদের স্বতন্ত্র পরিচয়, সম্ভাবনা ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক উদ্যোগে তার সম্পৃক্ততা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রচেষ্টাকে তুলে ধরছে।

বিষয়:অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিশুদের স্বতন্ত্র পরিচয়
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…