অন্যান্য খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ‘ভালো ম্যাচে’র আশা ম্যানেজার রাহুলের

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ‘ভালো ম্যাচে’র আশা ম্যানেজার রাহুলের

ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধরে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ২০২৬ আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে। প্রতিপক্ষ হকিতে বেশ শক্তিশালী হলেও চাপ নিচ্ছে না বাংলাদেশ। দলের ম্যানেজার রাহুল রায় বলছেন, ভারতের বিপক্ষে ভালো ম্যাচ খেলবে বাংলাদেশ।

জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে হবে ভারত ও বাংলাদেশের ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ম্যাচের আগেরদিন ভিডিওবার্তায় ম্যানেজার রাহুল বললেন, ‘আমাদের এই দলটি আগে একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছে, এশিয়ান গেমস। এরপর তারা আবারও প্রস্তুতি নিয়েছে, ক্যাম্প করেছে এবং এখানে এসে যেটি সবচেয়ে ইতিবাচক, আমরা ২৩ তারিখ আসার পরদিন থেকেই ২৪-২৫ দুদিন দুই বেলা অনুশীলন করেছি। আজকেও অনুশীলন সেশন হয়েছে।’

‘তবে ভারতকে বলা হয় যে, জায়ান্ট অব এশিয়ান হকি। সবচেয়ে বড় দলের সঙ্গে আমাদের খেলা একদম প্রথম ম্যাচেই। এশিয়ান গেমসে আমরা তাদের সঙ্গে খেলেছি। যিনি হেড কোচ রয়েছেন, তিনি কিছু পরিকল্পনা করেছেন, সেই অনুযায়ী অনুশীলন হচ্ছে। এখন ছেলেরা যদি সেগুলো বাস্তবায়ন করতে পারে, আমার মনে হয় নিশ্চিত ভালো একটা ফলাফল হবে।’

‘আমরা ম্যাচের পর ম্যাচ পরিকল্পনা করব এবং এই ম্যাচ থেকে পরের ম্যাচের প্রস্তুতি। সেগুলোও কিন্তু এই ম্যাচ দিয়েই হবে। সুতরাং আমরা আশা করছি, ভারতের সঙ্গে একটা ভালো ম্যাচ হবে, যেটি আমাদের পরের ম্যাচগুলোতে ভালো করার একটা অনুপ্রেরণা হয়ে থাকবে।’ প্রথম ম্যাচের পরিকল্পনা নিয়ে বলেন রাহুল।

পরিকল্পনা নিয়ে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বললেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। জানেন যে আমরা এখানে আসার পর প্রতিদিন দুবেলা করে অনুশীলন করছি। অনুশীলন সেশন খুব ভালো গেছে, প্লেয়াররা সবাই আত্মবিশ্বাস নিয়ে সবকিছু করছে। আমরা সেরা ম্যাচটা খেলতে পারলে আশা করি ভালো একটা ফলাফল হবে।’

বিষয়:আশরাফুল জলন্ধর বাংলাদেশ বাহফে ভারত রাহুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…