বাংলাদেশ

মালয়েশিয়ায় সম্মাননা পেলেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন

মালয়েশিয়ায় সম্মাননা পেলেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন

মহিউদ্দিন খানের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক লায়ন সালাম মাহমুদ। কুয়ালালামপুর,মালেয়শিয়া।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের গণমাধ্যমকর্মী ও চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহিউদ্দিন খান মঈন। গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়া আয়োজিত এ অনুষ্ঠানে সফল উদ্যোক্তা, সমাজকল্যাণ ও শিক্ষা—এই তিনটি বিভাগে মোট ৩৮ জনকে সম্মাননা দেওয়া হয়।

চ্যানেল আইয়ের ব্যবসায়িক সম্প্রসারণ, নতুন করপোরেট ক্লায়েন্ট ও বিজ্ঞাপনদাতা সংযুক্তকরণ, স্পনসরশিপ সংগ্রহ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মহিউদ্দিন খানের ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণমাধ্যম খাতের ব্যবসায়িক উন্নয়নে তার ধারাবাহিক অবদান এ সম্মাননা পাওয়ার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো সেরি জুলকারনান তাইব। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আবুকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা, ঘানার ডেপুটি হাইকমিশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রফেসর মোহাম্মদ নেইল মোহাম্মদ, আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতো সোহাইমি এবং দাতো সেরি সাইদ সাইফুল জালিজম সাঈদ মোস্তাফা জামামোল্ললাইম।

এ ছাড়া পাকিস্তান, নামিবিয়া, তাজিকিস্তান, ভারত, সুদান, উগান্ডা, সুইজারল্যান্ড, ইসওয়াতিনি ও জর্ডানের হাইকমিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজসেবী এবং মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে অবস্থান করায় মো. মহিউদ্দিন খান মঈন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক লায়ন সালাম মাহমুদ।

বিষয়:কুয়ালালামপুর গণমাধ্যম চ্যানেল আই ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…