ইন্ডিয়ান্স উইমেন্স লিগে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের। সঙ্গী হওয়ার কথা ছিল কৃষ্ণা রানী সরকারের। কিন্তু ভারতীয় দূতাবাস থেকে ভিসা না মেলায় থমকে গেছে দুই তারকা ফুটবলারের ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলা।
তবে সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। এখনও সুযোগ আছে তাদের ভারতে যাওয়ার। সেজন্য আগে দেশটির দূতাবাসের ছাড়পত্র পেতে হবে সাবিনা-কৃষ্ণাকে। কয়েকদফা চেষ্টায় যা মেলেনি। বাফুফে অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
‘আমরা সাবিনা-কৃষ্ণার দলের সঙ্গে কথা বলেছি, ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি। এখন সবকিছু ভারতের হাতে। তারা যদি ভিসা দেয় তবেই ওদের যাওয়া হবে। নইলে নয়।’
ভিসা না মেলার খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ সাবিনা-কৃষ্ণার। কিরণ জানালেন, ‘ওরা যাচ্ছে বলে সংবাদ সম্মেলন করেছে। এখন যেতে পারছে না। এমন খবরে তো মন খারাপ হওয়ারই স্বাভাবিক।’
২২ মার্চ ভারতে যাওয়ার কথা ছিল সাবিনা-কৃষ্ণার। তামিলনাড়ু সিথু এফসির হয়ে খেলার কথা ছিল দুজনের। রোববার প্রথম ম্যাচ। এখন ভিসা বিড়ম্বনায় আটকে থাকল লাল-সবুজের দুই তারকার ভারত সফর।








