নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। ফেরার পর ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে সংবর্ধনা দিয়ে আনা হয় বাফুফে ভবনে। সেদিনই চ্যাম্পিয়নদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় চেক বুঝে পেলেন সাবিনা খাতুনরা।
খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই কোটি টাকা সমবণ্টন হয়েছে। সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘আগে এমনো হয়েছে কেবল ঘোষণাই হতো, উইনিং বোনাস অনেকাংশে খেলোয়াড় পর্যন্ত পৌঁছায়নি। ঘোষণার ১১ দিনের মধ্যেই খেলোয়াড়দের চেক হস্তান্তর করা হচ্ছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফজয়ী মেয়েদের জন্য ২০ লাখ টাকা এবং বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। এই দুটি বোনাসের অর্থ অবশ্য সাবিনা-রুপনারা এখনও হাতে পাননি।







