কক্সবাজার

মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে

মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে

কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে প্রতিনিধিদল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মুখ্য সচিব জানান, দেশের জালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরো দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দু’বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকুরীসহ আরো নানান সুযোগ সুবিধা দেয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়িতে আরো উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো তেমন আলো মুখ দেখেনি কিন্ত বর্তমান সরকার খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজগুলো শেষ করবেন এবং সেই লক্ষেই কাজ চলছে। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:এলএনজি টার্মিনাল কক্সবাজারের মহেশখালী পরিদর্শন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…