চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রোমা-লিভারপুল ম্যাচ ঘিরে দর্শকদের ভেতর চরম উত্তেজনা ছড়ায়। শহরে মারামারি শুরু হয়ে গেলে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে গেছেন। মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে দুজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে লিভারপুলের পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাঠের পাশে আহত হওয়া ব্যক্তিকে মারাত্মকভাবে জখম করা হয়। এই সময় দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ইএসপিএন ফুটবল জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিই রোমের। একজনের বয়স ২৫, আরেকজনের ২৬। আহত ব্যক্তি লিভারপুলের সমর্থক। তিনি মাথায় আঘাত পেয়েছেন। নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ড স্টেডিয়ামে লিভারপুল ৫-২ গোলে হারায় রোমাকে। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মেদ সালাহ ও রবের্তো ফিরমিনো, অন্য গোলটি সাদিও মানের। আর রোমার আশা বাঁচিয়ে রাখা মূল্যবান দুটি অ্যাওয়ে গোল এসেছে এডিন জেকো ও ডিয়েগো পেরোত্তির থেকে।
দর্শকদের মারামারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘৫২ হাজার দর্শকদের অধিকাংশ শান্তভাবেই খেলা উপভোগ করেন। কিন্তু দুইপক্ষের অল্প কয়েকজন বিক্ষিপ্তভাবে সংঘর্ষে জড়ায়। শহরের ভেতর এবং মাঠের পাশে এই ঘটনা ঘটে।’







