ফুটবল

‘মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ’, রোমার বিপক্ষে পয়েন্ট হারিয়ে বললেন এনরিকে

‘মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ’, রোমার বিপক্ষে পয়েন্ট হারিয়ে বললেন এনরিকে

চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে পার্ক দে প্রিন্সেসে দুই দলের লড়াই শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত এটাই ছিল তাদের সবচেয়ে কঠিন ম্যাচ।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই পিএসজিকে চাপে রাখে রোমা। প্রতিপক্ষের আক্রমণাত্মক প্রেসিংয়ে শুরু থেকেই স্বস্তিতে ছিল না ফরাসি ক্লাবটি। দুই দলই ম্যাচে দুবার করে জালের দেখা পেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউ।

ম্যাচ শেষে পিএসজি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোমার পারফরম্যান্সের প্রশংসা করেন এনরিকে। স্প্যানিশ এই কোচের মতে, ম্যাচের শুরু থেকেই রোমার চাপ সামলাতে হিমশিম খেয়েছে তার দল। এমনকি ম্যাচটি হেরে যাওয়ার সম্ভাবনাও ছিল পিএসজির।

এনরিকে বলেন, ‘ম্যাচের আগে থেকেই আমরা জানতাম, এটি কঠিন হতে যাচ্ছে। প্রথম কয়েক মিনিট থেকেই তারা আমাদের নিরলসভাবে প্রেস করেছে। আমাদের জন্য খুব কঠিন ছিল। ম্যাচের শুরু থেকেই আমরা সমস্যায় পড়েছিলাম। এমনকি ম্যাচটি আমরা হারতেও পারতাম। ড্রয়ের যোগ্য ছিল রোমা, হয়তো জয়েরও। এটি খুব কঠিন ম্যাচ ছিল। আমার মনে হয়, এই মৌসুমে এখন পর্যন্ত এটাই আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ।’

চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতামূলক পরিবেশের কথাও মনে করিয়ে দিয়েছেন পিএসজি কোচ। তার মতে, এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই কঠিন হতে পারে। তাই বাস্তবতা মেনে নিয়ে সতর্ক থাকতে হবে দলকে।

বলেছেন, ‘এই প্রতিযোগিতা কতটা কঠিন, এটাই তার প্রমাণ। এখানে ভালো ম্যাচ আছে, কঠিন ম্যাচও আছে। আমাদের বিষয়টি বুঝতে হবে, মেনে নিতে হবে এবং সতর্ক থাকতে হবে। কারণ, এটি খুব কঠিন প্রতিযোগিতা। গ্রুপ পর্বে আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি। সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে এবং যারা চোট কাটিয়ে ফিরছে, তাদেরও ফিরে পেতে হবে।’

বিষয়:এনরিকে চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি রোমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…