অপরাধ

মাদক সেবন নয়, চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা; দেখে ফেলায় হত্যা চারজনকে

মাদক সেবন নয়, চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা; দেখে ফেলায় হত্যা চারজনকে

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে বলা হয়েছে, বাড়ির টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা করছিলেন দুই অভিযুক্ত।

এ সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে এবং পরে পরিবারের অন্য তিন সদস্যকে হত্যা করা হয়। তবে পুলিশের এই ব্যাখ্যা মানতে নারাজ নিহতের স্বজনেরা।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।

এতে বলা হয়েছে, বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। পরে একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

হত্যাকাণ্ডের পরপরই গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ডিএনএ পরীক্ষার তথ্য

পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে মিলেছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, মূলত চুরির উদ্দেশ্য থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল।

তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকেও নিয়মিত স্বর্ণালংকার পরতে দেখা যেত। এসব তথ্য থেকেই বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন দুই অভিযুক্ত।

তদন্তে জানা গেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা

পুলিশের তদন্ত অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে যান সিদ্ধার্থ ও মুগ্ধ। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করতে থাকেন তারা। এ সময় ইয়াবা সেবনও করেন দুই অভিযুক্ত।

একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে সেখানে যান গণপতি চক্রবর্তী। তাদের দেখে ফেলায় তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী। দুই অভিযুক্ত তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকেও হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, আগামীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। এতে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন তৈরি হয়।

১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান অভিযুক্তরা

হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান দুই অভিযুক্ত। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা।

পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।

অবসরকালীন অর্থ নিয়ে ছিল ৫০-৬০ লাখ টাকার আলোচনা

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার কার্যক্রম শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

পুলিশের বক্তব্য মানতে নারাজ নিহতের স্বজন

তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।

তিনি বলেন, শুধু টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। শুরু থেকেই তারা বলে আসছেন, দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়।

গোপীনাথ চক্রবর্তী আরও বলেন, তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের বক্তব্য গুরুত্ব পায়নি।

আগের পুলিশ কমিশনারের বক্তব্যে ছিল ভিন্ন বিবরণ

এর আগে গত ২৩ আগস্ট তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছিলেন।

তখন তিনি জানিয়েছিলেন, গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের ভবনটি দেবু দাসের। সেই ভবন দিয়ে ২১ আগস্ট গভীর রাতে বা ২২ আগস্টের প্রথম প্রহরে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতির বাড়ির ছাদে ওঠেন। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে ছাদে আসেন গণপতি। তাদের ইয়াবা সেবন করতে দেখে প্রশ্ন করায় তার গলায় থাকা গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।

গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকলে সেখানেই তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মেয়ে আগামী এগিয়ে এলে তাকেও গামছা ও রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘুমন্ত অবস্থায় ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছিলেন তিনি।

তৎকালীন পুলিশ কমিশনার আরও বলেছিলেন, হত্যাকাণ্ডের পর দুই অভিযুক্ত কিছুক্ষণ বাড়িতে অবস্থান করেন। এ সময় তারা প্রিয়মের বাথরুমে গোসল করেন, ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খান এবং ইয়াবা সেবন করেন।

পরে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দিতে বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করেন। আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নেন। বাড়ি থেকে বের হওয়ার আগে দুটি ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখেন, যাতে ফোনে আঙুলের ছাপ পাওয়া না যায় বলে জানিয়েছিলেন তিনি।

মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার দুই প্রতিবেশী

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হলে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ। অন্যদিকে, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের উপস্থিতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

দুই আসামির পক্ষে একাই একই পরিবারের চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তারা। এ দাবিতে মানবাধিকার সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে।

বিষয়:চারজনকে হত্যা চুরির উদ্দেশ্য টাকা ও স্বর্ণালংকার রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…