ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে লিভারপুল। এই ড্রয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে জার্গেন ক্লপের শিষ্যরা। তবে দুই নম্বরে নেমে গেলেও শিরোপার লড়াইয়ে এখন ৩ পয়েন্ট এগিয়ে যাওয়ার থাকছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির।
শনিবার রাতে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।
অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে টটেনহ্যামকে চেপে ধরে লিভারপুল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে একের পর এক আক্রমণে ব্যর্থ হচ্ছিলেন সাদিও মানে ও মোহাম্মেদ সালাহরা।
২৯ মিনিটে প্রথম সুযোগ আসে লিভারপুলের। তবে গোলরক্ষক উগো লরিসের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় টটেনহ্যাম। দশ মিনিট পর কর্নার থেকে নেয়া ফন ডাইকের শট ফেরে ক্রসবারে লেগে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দ্য রেডরা। কিন্তু ৫৬ মিনিটে প্রতি-আক্রমণে গোল করে বসে টটেনহ্যাম। পেনাল্টি স্পটের কাছ থেকে সেসেগননের বাড়ানো বল জালে পাঠিয়ে অতিথিদের লিড এনে দেন সন।
পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ৭৪তম মিনিটে লুইস ডিয়াজের গোলে সমতা ফিরিয়ে ফেরে তারা। ম্যাচের বাকিটা সময় প্রবল চাপ তৈরি করলেও সাফল্য পায়নি স্বাগতিতকরা। ১-১ গোলের ড্র্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। এই হারে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা শেষ হল ক্রিস্টিয়ানো রোনালদোদের।
শুরু থেকেই প্রাণবন্ত ফুটবল খেলা ব্রাইটন লিড পেয়ে যায় ম্যাচের ১৫ তম মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরিুতে লিড দ্বিগুণ করেন মার্ক কুকুরেল্লা। ৫৭ তম মিনিটে পাস্কালের গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।
৬০তম মিনিটে ব্যবধান ৪-০ করেন লিন্দ্রো। ৭১তম মিনিটে জালে বল পাঠান ইউনাইটেডের কাভানি। তবে উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার অফসাইডে থাকায় গোল মেলেনি। বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে রালফ র্যাঙ্গনিকের শিষ্যরা।









