ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার চিৎকার করে নিজেদের ঘরের সমস্যা নিজেরাই প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রধান বিচারপতিকে তারা নিয়োগ দিয়েছে। এখন নিজেদের মধ্যেই সমস্যা। আমাদের এসব নিয়ে আনন্দ করার প্রয়োজন নেই। এর বদলে আমাদের নিজেদের কাজে সঠিকভাবে মনোযোগ দিতে হবে।’
শুক্রবার দুপুরে ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
গয়েশ্বর বলেন, আদালতের একটি রায়ই আওয়ামী লীগকে এক্সরে করে নাড়িভুড়ি বের করে দিয়েছে। জনগণ আওয়ামী লীগের নাড়িভুড়ি দেখে ফেলেছে। শেখ হাসিনা ও তার সরকার এখন পুরোপুরি বেকাদায়।
তিনি বলেন, এতদিন বিএনপি আর মিডিয়া যা করতে পারেনি, আদালতের একটি রায়ই তা করে দেখিয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা যাদের হাত ধরে ক্ষমতায় এসেছেন, তাদের হাতেই ক্ষমতা ছেড়ে দিয়ে বাঁচার চেষ্টা করবেন।
‘সুপ্রিম কোর্টের রায়ের পর আওয়ামী লীগ রিভিউ আবেদন করতে পারে। কিন্তু তা না করে মাঠের ভাষায় আদালত নিয়ে কথা বলছে তারা। মন্ত্রী, এমপিরা প্রতিদিন রাস্তা ঘাটে যেসব শব্দ ব্যবহার করছে তা কোন আইনের ভাষা নয়। এতে বুঝা যায় তারা সুপ্রিমকোর্টের রায়কেও তোয়াক্কা করে না।’
গয়েশ্বরের অভিযোগ, ‘সরকারের মন্ত্রী-এমপিরা প্রতিদিন প্রধান বিচারপতি আর আদালতকে সরাসরি হুমকি দিয়ে আদালত অবমাননা করলেও আদালত তাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না।’









