আইজেনকটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করতে চান নেতানিয়াহু

সংগৃহীত
ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বিরোধী নেতা গাদি আইজেনকট। আর নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ প্রস্তাব দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহু বলেন, দেশের স্বার্থে বৃহত্তম দলের নেতা প্রধানমন্ত্রী হবেন-এমন নীতি থেকেও সরে আসতে প্রস্তুত তিনি। ইসরায়েলের অস্তিত্বের প্রতি হুমকি এবং তা মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কা থেকেই জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়েছেন তিনি।
নেতানিয়াহুর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন আইজেনকট। দ্রুত ও কার্যকর আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, লিকুদ পার্টি ঐক্যের সরকার গঠনে কতটা আন্তরিক, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যাচাই করতে প্রস্তুত তিনি। তবে সরকার গঠনের আলোচনায় শুরু থেকেই লিকুদ পার্টি গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকটের মধ্যপন্থী ইয়াশার পার্টি ও অন্য তিনটি ইহুদি বিরোধী দল মিলে ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এ পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে সাবেক সেনাপ্রধান আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সরকার গঠনের জন্য তাকে দেওয়া ২৮ দিনের সময়সীমা শেষ হবে আগামী ৬ ডিসেম্বর।
এদিকে নির্বাচনে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট মিলে রেকর্ড ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই দুই জোট। তবে নির্বাচনের আগে একটি ছাড়া প্রায় সব ইহুদি রাজনৈতিক দলই আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।
ইতোমধ্যে ইয়িসরায়েল বেইতেনু ও দ্য ডেমোক্র্যাটসের সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকট। তার জোটের আরেক শরিক বেয়াচাদ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আইজেনকটের নেতৃত্বে লিকুদকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহুর নতুন প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন তিনি।
ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে কোনো দলই এখন পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে নেতানিয়াহুর নতুন প্রস্তাব রাজনৈতিক সমঝোতার পথ কতটা সহজ করবে, সেটিই এখন দেখার বিষয়।






