রাশিয়া ‘বিনা অনুমতিতে’ বিক্ষোভ-সমাবেশ আয়োজনের পরিকল্পনা করে আইন ভাঙ্গার দায়ে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনিকে ৩০ দিনের প্রশাসনিক গ্রেফতারের দণ্ড দেয়া হয়েছে। মস্কোর একটি আদালত সোমবার নাভালনির আইনজীবীর মামলা তুলে নেয়ার আবেদন খারিজ করে এ দণ্ড দেন।
দেশজুড়ে আয়োজিত দুর্নীতিবিরোধী বিক্ষোভ-সমাবেশ ও মিছিল শুরুর আগেই সোমবার তাকে বাড়িতে আটক করে রাখা হয় বলে জানান তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
‘আমাদের ফ্ল্যাটটি যে ব্লকে তার প্রবেশপথ থেকে অ্যালেক্সাইকে গ্রেফতার করা হয়,’ বলে টুইট করেন অ্যালেক্সাই নাভালনির স্ত্রী। এছাড়াও আগের পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বিক্ষোভ সমাবেশ থেকে দুই শতাধিক মানুষকে আটকের খবর পাওয়া গেছে। রাশিয়ার বেসরকারি সংস্থা ওভিডি-ইনফো জানায়, মস্কো থেকে ১২১ জনকে এবং সেন্ট পিটার্সবার্গ থেকে ১৩৭ জনকে আটক করা হয়েছে। সমাবেশ থেকে স্লোগান উঠে “রাশিয়া উইদাওট পুতিন” এবং “ডাউন উইথ দ্য জার”।
রাশিয়ায় অবস্থানরত বিবিসি প্রতিনিধি জানান, দাঙ্গা পুলিশকে ভীড় থেকে বিক্ষোভকারীদের এলোপাতাড়িভাবে ধরে নিয়ে যেতে দেখা গেছে।
আগামী বছরে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদন্দ্বিতা করতে চান নাভালনি।
১২ জুন সোমবার ‘রাশিয়া ডে’ তে দেশ জুড়ে দুর্নীতি বিরোধী সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান অ্যালেক্সাই। স্থানীয় প্রশাসন থেকে মস্কোর সাখারোভা অ্যাভিনিউতে মিছিল করার অনুমতিও দেওয়া হয়েছিল। কিন্তু বিক্ষোভের আগের দিন সন্ধ্যায় তিনি স্থান পরিবর্তন করে ক্রেমলিনের কাছে বেরস্কায়া স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দেন।
তবে নাভালনি সমাবেশ স্থল পরিবর্তনের ঘোষণা দিলেও একদল বিক্ষোভকারী সাখারোভা অ্যাভিনিউতেই বিক্ষোভ করে। রুশ সরকার সোভিয়েত আমলের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙ্গে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ওই বিক্ষোভকারীরা আন্দোলন করছেন। সরকার থেকে রাশিয়া জুড়ে ১৬৯টি জায়গায় এ ধরনের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙ্গে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
দেশজুড়ে ১৬৯টি স্থানে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। নাভালনি লাইভ ইউটিউব চ্যানেল থেকে এর কয়েকটি সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে মার্চে নাভালনির ডাকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল রাশিয়া। আর ২০১২ সালে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি খবর প্রকাশ করেন নাভালনি। যার ভিত্তিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছিল।








