চোটকালীন সময় ছাড়া পারতপক্ষে লিওনেল মেসির বিশ্রাম নেয়া হয় না বললেই চলে। টানা খেলে যাওয়ার ধকল নিয়েই মৌসুমের শুরু থেকে শেষপর্যন্ত দাপিয়ে যান বার্সেলোনা অধিনায়ক। হোসে মেন্ডিলিবারের মত অবশ্য ভিন্ন। স্প্যানিশ ক্লাব এইবারের কোচের মতে মেসি ঠিকই বিশ্রাম নেন, তবে সেটা মাঠে!
স্প্যানিশ লা লিগায় শনিবার এইবারের বিপক্ষে ম্যাচ আছে বার্সার। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছোট দলের বিপক্ষে দলের মূল তারকাকে বিশ্রাম দেয়ার প্রথা থাকলেও বার্সা কোচ কিকে সেঁতিয়েন জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে থাকা এইবারের বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি।
টানা খেলার কারণে ক্লান্ত থাকায় গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে সেভাবে খুঁজে পাওয়া যাবে কিনা মেন্ডিলিবারের কাছে এমন প্রশ্ন রাখতেই উড়িয়ে দিয়েছেন প্রসঙ্গ, ‘আমার মনে হয় না মেসির বিশ্রামের প্রয়োজন আছে। এই বেচারা মাঠেই বিশ্রাম নেয়। সে জানে ম্যাচে কখন তাকে ছুটতে হবে, কখন বিশ্রাম নিতে হবে।’
‘বরং তাকে ছুটি দিলেই আরও খারাপ দেখায়। তখন তাকে মাঠে নামালে মনে হয় সে যেন খুবই ক্লান্ত।’
মাঠে বেশিরভাগ সময় হেঁটে বেড়ানো মেসি অল্প সুযোগ পেলেই কী করতে পারেন সেটা ভালোই জানা মেন্ডিলিবারের, ‘ওসাসুনার কোচ থাকার সময় একবার কোপা ডেল রেতে ম্যাচ খেলতে আমরা ন্যু ক্যাম্পে এলাম। ম্যাচের সকালে শুনলাম মেসির জ্বর ও পেটে সমস্যা। সে খেলবে না।’
‘দুপুরে খাওয়া দাওয়ার পর মেসি বলল সে সুস্থ। তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখা হল। ম্যাচে আমরা ২-০ গোলে পিছিয়ে ছিলাম।’
‘এরপর দেখি মেসি গা গরম করছে আর মাঠে নেমেও গেল। নেমেই ২ গোল করল। আর আমরা ৪-০ গোলে হেরে গেলাম!’







