ফুটবল

‘ফুটবলের চেয়ে কারাগারে বেশি সুখী ছিলাম’

বলছেন দানি আলভেজ

‘ফুটবলের চেয়ে কারাগারে বেশি সুখী ছিলাম’

স্পেনে কারাবন্দী থাকার সময় জীবনের বড় পরিবর্তনের কথা তুলে ধরেছেন ব্রাজিলের তারকা সাবেক দানি আলভেজ। ফুটবল মাঠে লাখ লাখ ইউরো আয়ের দিনগুলোর চেয়ে কারাগারের অভিজ্ঞতায় নিজেকে বেশি সুখী মনে হয়েছে, বলছেন তিনি। ধর্মবিশ্বাস এমন সুখ ও তৃপ্তি দিয়েছে বলেছেন, যা খেলোয়াড়ি জীবনে কখনও পাননি।

বার্সেলোনার ‘ব্রায়ানস ২’ কারাগারে কাটানো ১৪ মাসের স্মৃতিচারণ করে ইভানজেলিক্যাল প্রচারক হিসেবে দেয়া বক্তব্যে আলভেজ এসব কথা বলেন। জানালেন, কারাগারে থাকাকালীন বিভিন্ন কাজ করে ১১৩ ইউরো আয় করেছিলেন।

আলভেজ উপস্থিত শ্রোতাদের বলেন, `ঈশ্বরের কৃপায় লাখ লাখ ইউরো আয় করতাম। কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করেও সেই সময়ের চেয়ে অনেক বেশি সুখী ছিলাম, যখন লাখ লাখ ইউরো আয় করতাম।’

ঈশ্বরের সাথে নিজের সম্পর্ক এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কীভাবে বদলেছে বর্ণনা করেছেন, ‘অনেক প্রশ্ন করি। তার সামনে আমি একটি শিশুর মতো। তাকে সবকিছু নিয়েই প্রশ্ন করি।’

৪৩ বছর বয়সী আলভেজকে ২০২৩ জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে যৌন হেনস্তা করেছেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয়। প্রায় ১৪ মাস বিচারপূর্ব কারাবাসের পর, ওই বছরের মার্চে ১০ লাখ ইউরো জামানত দিয়ে সাময়িকভাবে মুক্তি পান।

এরপর ২০২৫ সালের মার্চে কাতালুনিয়ার সর্বোচ্চ আদালত আলভেজের আগের দণ্ড বাতিল করে আপিলে খালাস দেন। আদালত জানান, আগের রায়ে অসংগতি ছিল এবং উপস্থাপিত প্রমাণ নির্দোষতার ধারণা নাকচ করার জন্য যথেষ্ট নয়। বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ক্লাবে খেলে অসংখ্য ঘরোয়া ও মহাদেশীয় শিরোপা জিতেছেন আলভেজ। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন তিনি। ঝুলিতে রয়েছে ৪৬টি শিরোপা।

কাতালান ক্লাবটির হয়ে ৪০৯ ম্যাচে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২৩ গোল করেছেন এবং জিতেছেন ২৩ ট্রফি। যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ছয়টি লা লিগা শিরোপা। জুভেন্টাসের হয়ে সিরি আ এবং প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে দুবার ফরাসি লিগ শিরোপা জিতেছেন।

ব্রাজিল জার্সিতে তিনি ১২৬ ম্যাচ খেলেছেন। ২০০৭ ও ২০১৯ সালে কোপা আমেরিকা, ২০০৯ ও ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জিতেছেন।

বিষয়:দানি আলভেস বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…