রোনালদোর গোল, পেনাল্টি মিস, হেরেছে আল-নাসের

সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরেছে আল নাসের। দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার পেনাল্টি মিসে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া হয় আল নাসেরের।
আহলির ঘরের মাঠ কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসের। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
গোল পাওয়ার মাত্র চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় সফরকারীরা। ১৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে শট নিতে আসেন রোনালদো। কিন্তু তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
রোনালদোর পেনাল্টি মিসের পরই ম্যাচে ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে গ্যালেনো গোল করেন। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পর ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আহলিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইভান টনি। এর চার মিনিট পর রজার ইবানেজের হেডে স্কোরলাইন ৩-১ হয়। বাকি সময়ে রোনালদো ও তার সতীর্থরা চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেননি। শেষঅবধি ব্যবধান অটুট রেখে জয় নিশ্চিত করে আল আহলি।
এই হারে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরেই থাকল আল নাসের, আর ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।






