বৃষ্টিতে পণ্ড ফাইনাল, ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড এশিয়া কাপ ২০২৬’-এর ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী লিগ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। রানার্সআপ হয়েছে ভারত।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি গড়ানোর কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজকেরা। পরে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শিরোপা তুলে দেওয়া হয় পাকিস্তানের হাতে।
১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার দেশের অংশগ্রহণে গড়ানো টুর্নামেন্টে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। লিগপর্বে নিজেদের তিনটি ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে ওঠে দলটি। অন্যদিকে তিন ম্যাচে দুটি জয় ও একটি হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট ছাড়াই চতুর্থ হয়।
ফাইনালের আগে ১৭ নভেম্বর লিগপর্বের ম্যাচেও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে শেষ বলে এক উইকেটের রোমাঞ্চকর জয় পায় পাকিস্তান। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে জয় নিশ্চিত করে তারা। শেষ দুই বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৭ রান। অলরাউন্ডার নিয়ামতউল্লাহ শেষ দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।
টুর্নামেন্টের আয়োজন ও ভেন্যুর মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অংশগ্রহণকারী বিদেশি দলের ক্রিকেটার ও কর্মকর্তারা। বিশেষ করে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, উইকেট, আউটফিল্ড, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সার্বিক অবকাঠামোর প্রশংসা করেছেন ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা।
ভারতের অলরাউন্ডার সঞ্জয় কুমার সাহা স্টেডিয়ামের উইকেট ও সুযোগ-সুবিধাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পিচ খুব ভালো। এখানকার সুযোগ-সুবিধাও অনেক ভালো। উইকেট, মাঠ, গ্রাউন্ডসম্যানদের কাজ এবং স্টেডিয়াম-সবকিছুই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।’
তার সতীর্থদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সঞ্জয় জানান, ২০২১ সালে এই ভেন্যুতে আসা কয়েকজন ক্রিকেটার তখন এখানে উল্লেখযোগ্য কোনো অবকাঠামো দেখতে পাননি। অল্প কয়েক বছরের ব্যবধানে আধুনিক ক্রিকেট অবকাঠামো গড়ে ওঠায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী হয়ে ওঠার বিষয়টিও নজর কেড়েছে ভারতীয় এই ক্রিকেটারের। তার মতে, বৃষ্টি থামার অল্প সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাওয়া উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার প্রমাণ।
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুতু পেরেরাও বাংলাদেশের আয়োজন ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধার প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ চমৎকারভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং আমাদের যথেষ্ট সহযোগিতা দিয়েছে। এখানকার মাঠগুলো অসাধারণ। হোটেল থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধাই পেয়েছি।’
তরুণ দল নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া শ্রীলঙ্কার জন্য এই প্রতিযোগিতাকে অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি। শ্রীলঙ্কার কোচ নিলাংকা কান্ডিগাম জানান, অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত ও অন্যান্য কারণে অংশ নিতে না পারায় নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতের দল গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় আবিদ হাসানও। তার মতে, এটি বাংলাদেশের অন্যতম ভালো স্টেডিয়াম।
আবিদ বলেন, ‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম খুবই দুর্দান্ত। বাংলাদেশের অনেক ভালো একটি স্টেডিয়াম। এখানে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট, অনেক রান হয়। আউটফিল্ডও খুব ভালো। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে।’






