এআইয়ের সঙ্গে পাল্লা দিতে শিশুদের যে দক্ষতা জরুরি

ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতিতে বদলে যাচ্ছে বিশ্বের কর্মসংস্থানের চিত্র। আগামী দিনে অনেক প্রচলিত চাকরি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নতুন কাজের ক্ষেত্রও তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মজীবনের উপযোগী করে তুলতে শিক্ষাব্যবস্থায় মৌলিক দক্ষতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি সিএনএনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত গ্রেশাম কলেজের অধ্যাপক ড্যানিয়েল সাসকিন্ড। তার নতুন বই ‘হোয়াট শুড মাই চিলড্রেন ডু? আ হিউম্যানস গাইড টু দ্য এজ অব এআই’ নিয়ে আলোচনায় তিনি বলেন, এআইয়ের যুগে ভবিষ্যতে কোন দক্ষতার চাহিদা থাকবে, তা নিশ্চিত করে বলা কঠিন।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০১৩ সালে ইংল্যান্ডের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোডিং শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন মনে করা হয়েছিল, ভবিষ্যতের কর্মজীবনে টিকে থাকতে এ দক্ষতা গুরুত্বপূর্ণ হবে। কিন্তু ২০২৩ সালে চ্যাটজিপিটির মতো এআই প্রযুক্তি কোড লেখায় সক্ষমতা দেখানোর পর সেই ধারণা নতুন করে প্রশ্নের মুখে পড়ে।
সাসকিন্ডের মতে, অনিশ্চিত ভবিষ্যতের জন্য শিশুদের প্রস্তুত করতে প্রথমেই পড়ার দক্ষতা, গণিত এবং সমালোচনামূলক চিন্তার ভিত্তি শক্ত করতে হবে। কারণ, এআই সব সময় নির্ভুল তথ্য দেয় না। অনেক সময় ভুল তথ্য তৈরি করে বা মনগড়া উত্তর দেয়। তাই এআইয়ের দেওয়া তথ্য যাচাই, প্রশ্ন করা এবং ভুল শনাক্ত করার সক্ষমতা থাকা জরুরি।
তিনি শিশুদের এআই ব্যবহার শেখানোর পাশাপাশি প্রযুক্তি ছাড়াও কাজ করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তার পরামর্শ, শিক্ষা কার্যক্রমের প্রায় এক-তৃতীয়াংশ সময় এআই প্রযুক্তির কার্যকর ও সমালোচনামূলক ব্যবহার শেখাতে ব্যয় করা যেতে পারে। একই সঙ্গে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং মনোযোগ বিচ্যুতির ঝুঁকি সম্পর্কেও শিশুদের সচেতন করতে হবে।
সাসকিন্ড বলেন, ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় শুধু শিশু নয়, বড়দেরও নতুন দক্ষতা শেখার মানসিকতা থাকতে হবে। শিক্ষা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ না রেখে সারা জীবন ধরে শেখার সুযোগ তৈরি করতে হবে।
ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সমাজসেবার মতো পেশায় মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে বলেও মনে করেন তিনি। তার মতে, এসব ক্ষেত্রে শুধু কাজের ফলাফল নয়, মানুষের উপস্থিতি, সহমর্মিতা ও আন্তরিকতাও সমান গুরুত্বপূর্ণ।






