এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? পুরো ফুটবলবিশ্ব যখন বিভক্ত এই প্রশ্নে, তখন রোনালদোর দিকে পাল্লাটা ভারি করে দিলেন স্বয়ং মেসিই। রোনালদোকে বিশ্বসেরা উল্লেখ করে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের দাবি তাদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।
‘এই যে দ্বৈরথ, এ সব মিডিয়ার বানানো। আমাদের না। আমরা আমাদের দলের হয়ে প্রত্যেক মৌসুমেই সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাইরে থেকে কে কী বললো তা গুরুত্বপূর্ণ না’, এমনটাই দাবি মেসির।
মেসি-রোনালদোর মধ্যে দ্বৈরথ শুরু ২০০৯ সালে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো যে বছর রিয়াল মাদ্রিদে পা রাখলেন। তখন থেকেই লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সবখানে অলিখিতভাবে একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করেছেন। গত দশটি বর্ষসেরার নয়টিই গেছে এই দুজনের ঘরে। মেসি পাঁচবার আর রোনালদোর হাতে উঠেছে চারবার।
সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত খেলেছেন মেসি-রোনালদো দুজনেই। চিরপ্রতিদ্বন্দ্বীর তুলনায় গোলসংখ্যায় অনেক এগিয়ে আর্জেন্টাইন অধিনায়ক, নিশ্চিত করেছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফিটাও। কিন্তু মৌসুম শেষে তার হাতে উঠেছে কেবল কোপা ডেল রে। রোনালদো উঁচিয়ে ধরেছেন চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা ট্রফি। সবমিলিয়ে পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসির তুলনায় অনেকটা এগিয়ে রোনালদো।
নিজের ভোটটা এবার এক প্রকার রোনালদোকে দিলেন মেসি। জানালেন তার চোখে সেরা পর্তুগিজ অধিনায়কই, ‘সে অসাধারণ একজন খেলোয়াড় যে প্রতিবার নিজেকে ছাড়িয়ে যেতে চায়। আর সারাবিশ্বই জানে সে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়।’
বার্সার সঙ্গে মেসির পুরনো চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মৌসুমেই। ক্লাবের সঙ্গে এখনও নতুন চুক্তিতে না আসলেও শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি চুক্তির বিষয়ে সমাধানে আসবে দুই পক্ষ। তারই ইঙ্গিত মিললো বার্সা তারকার কথায়, ‘সবসময়ই চেয়েছি, সবসময় স্বপ্ন দেখেছি বার্সার হয়ে আমি আমার ক্যারিয়ার শেষ করবো। দেখি কোথায় গিয়ে যাত্রা শেষ হয়।








