গ্রুপ অব ডেথ ‘ই’র হাইভোল্টেজ ম্যাচে দু’দিন বাদে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। নাইজেরিয়াকে হারিয়ে আগে থেকেই সুবিধাজনক অবস্থানে রয়েছে রাকিটিচ-মদ্রিচরা। আর্জেন্টিনার বিপক্ষে জয় মানেই শেষ ষোলো নিশ্চিত। অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ে চাপে আলবিসেলেস্তেরা। জয়ের বিকল্প নেই মেসিদের সামনে।
এমন অবস্থায় মেসিকে আটকে দিয়ে শেষ ষোলোর স্বপ্নে বুদ ক্রোয়েটরা। দলটির অলরেড ডিফেন্ডার লভরেন বলছেন, মেসিকে আটকে দিতে পারলে সবকিছুই সম্ভব। সেজন্য আইসদের দেখানো পথেই হাঁটার ইঙ্গিত তার কথায়। একক কোনো ডিফেন্ডার নয়, দলগত প্রয়াসে মেসিকে আটকে জয় তুলে নিতে চায় তারা।
ম্যাচের আগে লভরেন সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘তাদের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রয়েছে। সম্ভবত সবার সেরা মেসি। কিন্তু আপনারা যখন আইসল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি দেখবেন; কি দুর্দান্তভাবেই না তারা তাকে আটকে দিয়েছে।’
‘মেসিকে কখনও একজনকে দিয়ে আটকে রাখা সম্ভব নয়। দলগতভাবে তাকে আটকাতে হবে। যেভাবে আইসল্যান্ড আটকেছে।’ বলেন লভরেন।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ক্রোয়েটরা নির্ভার বলেও জানাচ্ছেন লভরেন, ‘আমরা জানি বড় দলগুলোর বিপক্ষে কিভাবে খেলতে হয়। এবিষয়ে মোটেও আমরা চিন্তিত নই।’
‘এটা অবশ্যই সম্মানের, আর্জেন্টিনার মতো বড় দলের বিপক্ষে খেলা। কয়েকসপ্তাহ আগে আমি ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেলেছি, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। দু’সপ্তাহ আগে নেইমারের বিপক্ষে প্রীতি ম্যাচে, আর এখন মেসি। যেটা যেকোনো ফুটবলারই স্বপ্ন দেখে তার শৈশব থেকে, বড়দের বিপক্ষ খেলার।’ লভরেনের সরল স্বীকারোক্তি।









