ক্রিকেট

মাশরাফীর চিন্তা, মাশরাফীর স্বস্তি

মাশরাফীর চিন্তা, মাশরাফীর স্বস্তি

সামনে আরেকটি ফাইনাল। প্রতিপক্ষ ভারত। তার আগে মাশরাফীকে ঘিরে ধরেছে কিছু চিন্তা, আবার দলের কিছু ব্যাপার নিয়ে আছেন স্বস্তিতে। বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফী শোনালেন সেসব কথা।

‘ছেলেরা দারুণ ছন্দে আছে। আবার তামিম, সাকিবকে হারানো ভালো কিছু নয়। শেষ ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। ব্যাটিং নিয়ে চিন্তা আছে। টপঅর্ডার রান পাচ্ছে না।’

ওপেনাররা রান না পেলেও মিডলঅর্ডার আছে দারুণ ফর্মে। এই জায়গাটি মাশরাফীকে ভালো কিছুর আশা দেখাচ্ছে, ‘মুশফিক দারুণ ফর্মে আছে। মিঠুন ভালো ব্যাট করছে। রিয়াদও দারুণ খেলছে। এখন টপঅর্ডার যদি ক্লিক করে, তাহলে ভালো হবে।’

বাংলাদেশ পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে। শুক্রবার রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামবে তারা। ২০১৬ সালে এই দলের বিপক্ষেই ৮ উইকেটে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

ওই ফাইনালে হারলেও এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা বলে মনে করেন মাশরাফী, ‘তখন আমাদের হাতেগোনা পারফর্মার ছিল। সাকিব, মুশফিক, তামিম এদের ওপরই ভালো খেলা নির্ভর করতো। কিন্তু এশিয়া কাপে তামিমকে ছাড়া আমরা এতদূর আসলাম। পাকিস্তানের বিপক্ষে সাকিবও ছিল না। এটি বড় অর্জন।’

ভারতের সাম্প্রতিক ফর্ম ভালো হলেও মাশরাফী বলছেন ফাইনালে যেকোনো কিছু হতে পারে, ‘ফাইনাল শুধুমাত্র একটা ম্যাচ। ভালো দিন হলে যেকোনো কিছু ঘটতে পারে। মানসিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে। লড়াই করতে হবে শেষ বল পর্যন্ত।’

বিষয়:এশিয়া কাপ-২০১৮ মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…