চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্ব থেকে বিদায়। পরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হার। এবি ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব যায়-যায়। ভিলিয়ার্স তবু থেমে থাকতে চান না। ফিরতে চান টেস্টেও। আর তাই সেপ্টেম্বরের বাংলাদেশ সিরিজকে পাখির চোখ করেছেন।
‘কিছুদিন বাড়িতে থাকতে যাচ্ছি। সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাবো। এবং অবশ্যই ফিট থাকতে মুখিয়ে আছি। সেপ্টেম্বরের জন্য ফিট থাকাটা নিশ্চিত করতে চাই, ওই সময় বাংলাদেশ আসবে।’
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ৬ অক্টোবর দ্বিতীয়টি।
গত বছর অস্ট্রেলিয়া সিরিজের আগে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান ভিলিয়ার্স। তারপর আর টেস্ট খেলেননি। ওয়ানডে দলে তার ভূমিকা কী হবে, সেটা নিয়েও তিনি সন্দিহান। নিজের ভবিষ্যৎ ঠিক করতে আগস্টে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে বসবেন।
‘সামনে কয়েক বছরে কী ঘটতে যাচ্ছে আমরা সেটা নিশ্চিত হতে যাচ্ছি। আমরা দেখবো দুই পক্ষের জন্য কোনটা কাজে দেয়।’







