চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ঘরে ডেকে এনে এক হালি গোল দিয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কাছে কোনোই পাত্তা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। ম্যাচের ঘণ্টাখানেক আগে আগামী বিশ্বকাপের টিকিটও হাতে পেয়েছেন মেসি-আলভারেজরা।
বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে গুণে গুণে এক হালি গোল দিয়েছেন আলভারেজ- সিমিওনেরা। জয় এসেছে ৪-১ গোলে। শুরুর চার মিনিটের মাথায় প্রথমে শুরুটা করেন জুলিয়ান আলভারেজ। ১২ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফের্নান্দেস। ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের তৃতীয় গোলটি করে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ব্রাজিল। ১৬ মিনিটে ম্যাথিয়াস কুনহা গোল করলে ২-১ ব্যবধান দাঁড়ায়। ৩৭ মিনিটে লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেন। ৩-১এ এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল।
ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জুলিয়ানো সিমিওনে। তার ৭১ মিনিটের গোলে স্পষ্ট ব্যবধান তৈরি করে, ৪-১এ এগিয়ে যায় আর্জেন্টিনা। ওই অবস্থা থেকে আর ফেরার রাস্তা পায়নি নেইমারবিহীন অতিথিরা।
বিশ্বকাপের বাছাইপর্বে নির্ভার হয়ে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই পেয়ে যেত আগামী বিশ্বআসরে খেলার টিকিট, সমীকরণ ছিল এমন। তবে ম্যাচের ঘন্টাখানেক আগেটি সুসংবাদ পেয়েছিল দলটি। উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচ ড্র হওয়ার পর লাতিন পয়েন্ট টেবিলে নতুন মোড় আসে। আর্জেন্টিনার আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায় ব্রাজিল ম্যাচে নামার আগেই।
লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৪ ম্যাচ খেলা আলবিসেলেস্তেদের পয়েন্ট ৩১, দুইয়ে আছে ইকুয়েডর, পয়েন্ট ২৩, তিনে উরুগুয়ে ২১ পয়েন্টে এবং সমান ২১ পয়েন্টে চারে নেমে গেছে ব্রাজিল।
ফিফার চলতি আন্তর্জাতিক বিরতিতে দুদলই নিজের প্রথম ম্যাচে জিতেছিল। ব্রাজিল হারিয়েছিল কলম্বিয়াকে, আর্জেন্টিনা হারিয়েছিল উরুগুয়েকে।







