আইসিসির হালনাগাদে ওয়ানডে র্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। একমাত্র বড় পরিবর্তন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির দুধাপ এগিয়ে সেরা দুইয়ে আসা। টেস্টে অ্যাশেজে দুর্দান্ত বল করে সেরা তিনে ঢুকেছেন অস্ট্রেলিয়ার গতিদানব মিচেল স্টার্ক।
কোহলি ব্যাটিংয়ে র্যাঙ্কিং শীর্ষে আসতে পারেননি ২০২১ সালের পর। আশেপাশেই ছিলেন যদিও। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি এবং অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে আবারও দুইয়ে এসেছেন।
কোহলি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। শীর্ষে আছেন রোহিত শর্মা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান তাওহীদ হৃদয়। আছেন ৩৩এ। ৪২এ আছেন নাজমুল হোসেন শান্ত।
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে দুই টেস্টে নজরকাড়া বোলিং করেছেন স্টার্ক। দুই টেস্টে ১৮ উইকেট নেয়া তারকা র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনধাপ। সেরা তিনে আছেন ৩৫ বর্ষী পেসার। পেছনে ফেলেছেন স্বদেশি প্যাট কামিন্স, সাউথ আফ্রিকার মার্কো জানসেন এবং পাকিস্তানের নোমান আলীকে।
শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ এবং দুইয়ে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। টেস্টে বাংলাদেশের সেরা অবস্থান তাইজুল ইসলামের। অবস্থান ১৭তে। ২৫এ আছেন মেহেদী হাসান মিরাজ।








