যুক্তরাষ্ট্রের বোস্টনে বর্ণবাদবিরোধী বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মানুষ। বোস্টনে ডানপন্থি বক্তাদের নিয়ে আয়োজিত ‘বাকস্বাধীনতা’ র্যালির প্রতিবাদে ওই মিছিলের আয়োজন করা হয়।
ডানপন্থি র্যালিতে জড়ো হয়েছিল অল্প কিছু মানুষ। র্যালিটা দ্রুতই শেষ করে অংশগ্রহণকারীদের বোস্টন কমন এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। বোস্টন কমনের মঞ্চ এলাকার বাইরে তাদের যেতে দেয়া হয়নি। পুরোটা সময় মঞ্চ ঘিরে রেখেছিল বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা। তবে তাদের কিছুটা দূরত্বেই ঠেকিয়ে রাখা হয়।
ঘটনাস্থল জুড়ে কয়েকশ’ পুলিশ মোতায়েন করা হয়। র্যালি শেষ হওয়ার পর এক পর্যায়ে র্যালি-বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে ৩৩ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর এবং বোতলে মূত্র ভরে ছুড়ে মেরেছিল।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিলে বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং ডানপন্থা বিরোধী মিছিলে কট্টর শ্বেতাঙ্গদের গাড়ি হামলার ঘটনায় নিহত ৩২ বছর বয়সী হেদার হেয়ারের ছবিযুক্ত স্টিকার লাগানো ছিল বিক্ষোভকারী অনেকের গায়ে।

শুরুতে ওই মিছিলে অংশ নেয় ১০ হাজারের বেশি মানুষ। পরে আরও হাজার হাজার লোক র্যালিতে অংশ নিয়ে বর্ণবাদবিরোধী ব্যানার-ফেস্টুন নিয়ে নানা শ্লোগান দিতে থাকে। আয়োজকরা জানান, তারা কখনোই বর্ণবাদ ও ধর্মান্ধতাকে তাদের দেশে প্রশ্রয় দিতে পারেন না।







