আন্তর্জাতিক

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওয়াশিংটনকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন, তখন তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তাজনিত কারণে রাজধানীর সাধারণ আবাসিক এলাকা ছেড়ে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটনের সুরক্ষিত সামরিক আবাসনে থাকছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।

তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার। মিলারের স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটিতে বসবাস করছেন।

সম্প্রতি নিরাপত্তাঝুঁকির কারণে জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, ইরানের পক্ষ থেকে তাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরে ভূমিকা রাখায় তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে মনে করেন।

একইভাবে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও নিরাপত্তার কারণে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, স্টিফেন মিলার ও তার পরিবারকে অনুসরণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের বাড়ির সামনে বিক্ষোভ ও ঠিকানা প্রকাশ করে লিফলেট বিতরণের ঘটনাও ঘটেছিল।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটিতে থাকছেন। ঐতিহাসিকভাবে এসব আবাসন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত ছিল। তবে বর্তমান প্রশাসনে বেসামরিক কর্মকর্তাদের উপস্থিতি বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে। ফলে তারা সাধারণ মানুষের বসবাসের এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক থমাস কান বলেন, কর্মকর্তারা এখন এমন নিরাপত্তাবেষ্টনীতে থাকছেন, যেখানে সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগের সুযোগ কমে যাচ্ছে। এতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাধারণ জনগণের দূরত্ব আরও বাড়ছে।

এদিকে, সামরিক আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের নিরাপত্তাঝুঁকি, সেখানে থাকার আইনি ভিত্তি এবং ভাড়ার বিষয়ে আগামী বসন্তের মধ্যে পেন্টাগনকে প্রতিবেদন দিতে হবে। সামরিক আবাসনে কর্মকর্তাদের মাসিক ভাড়া সাধারণত ৪ হাজার ৫০০ ডলারের বেশি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকলে ভবিষ্যতেও বিভিন্ন দলের প্রশাসনে শীর্ষ কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বাড়তে পারে।

বিষয়:ট্রাম্প প্রশাসন নিরাপত্তা শঙ্কা যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…