ইউরো ফুটবলে সহজেই জয়ী হয়েছে বেলজিয়াম। ‘ই’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ‘দ্য রেড ডেভিলস’।
ফ্রান্সে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের দাপটের কাছে পাত্তাই পায়নি ‘দ্য গ্রিন আর্মি’।
শুরুতেই বেলজিয়ামকে এগিয়ে নেন ইংলিশ ক্লাব এভারটনের স্ট্রাইকার রোমেলু লুকাকু। দলের পক্ষে হেডের সাহায্যে দ্বিতীয় গোল করেন রাশিয়ান ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গের মিডফিল্ডার আক্সেল উইটসেল। সুযোগসন্ধানী ফরোয়ার্ড রোমেলু লুকাকু তৃতীয় গোল করলে নিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের জয়।
প্রথম ম্যাচে ইতালির কাছে হারার পর এ ম্যাচে জয়ী হওয়ায় বেলজিয়ামের পয়েন্ট ৩। সমানসংখ্যক ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট ১।







