ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা শেষে প্রায় দুই মাস পর সাতক্ষীরায় গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যশোর বিমান বন্দরে তাকে সংর্বধনা দিয়েছে ভক্তরা। সন্ধ্যায় একটি বেসরকারি এয়ারলাইন্সের বিমানে যশোর বিমানবন্দরে পৌঁছালে তাকে এই অভ্যর্থনা দেয়া হয়। এতদিন পর বাড়ি ফিরে ভালো লাগছে বলে জানান মুস্তাফিজ।
সন্ধ্যায় নিজের বাড়ি যাওয়ার জন্য ঢাকা থেকে বিমানে চড়েন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যশোর থেকে নিজস্ব গাড়িতে করে বাসায় ফিরেন এই উদীয়মান তারকা।
এর আগে সোমবার রাতে আইপিএল শেষ করে দেশে ফেরা মুস্তাফিজ মঙ্গলবার সকালেই আসেন বিসিবিতে ফিটনেস টেস্ট দিতে।
ফিটনেস টেস্টের যাবতীয় রিপোর্ট দু’এক দিনের মধ্যে বোর্ডে জমা দেবে মেডিকেল বিভাগ। এরপর মুস্তাফিজের ইংলিশ কাউন্টিতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি।
দীর্ঘ সময় ধরে তার ফিটনেসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নেয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরীক্ষা করেন।
সেখান থেকে বেড়িয়ে ‘কাটার মাস্টার’ দেখা করেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। সিইও’র রুম থেকে বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়ে বের হন মুস্তাফিজ।
বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার থেকেই সাতক্ষীরায় মা-বাবার কাছে থাকবেন এ পেসার। আর ইংলিশ কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আরও তিন দিন সময় নেবে বিসিবি।
আইপিএল ২০১৬তে অংশ নিয়ে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার হন মুস্তাফিজ। প্রথম আসরেই তার শিকার ১৭ উইকেট। ঢাকার ক্রিকেটে এবার কাটার-মাস্টারের রেজিস্ট্রেশন মোহামেডানে।
মোহামেডানও মনে-প্রাণে চাইছে বিসিবির ‘ফিট সার্টিফিকেট’ পেলে তাদের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান।








