মঙ্গলবার সুইডিশ সঙ্গীত স্ট্রিমিং অ্যাপ স্পটিফাইয়ের সাথে ২৮০ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে এই চুক্তির পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্লাবটির সিইও ফেররান রেভার্টার।
বিদায়ী বিবৃতিতে রেভার্টার অবশ্য পদত্যাগের কারণ ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন। তবে অসাধারণ নেতৃত্বের জন্য ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রেভার্টার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি গত কয়েক মাসে বেশ পরিশ্রম করেছি। কিন্তু এখন আমি ব্যক্তিগত এবং পরিবারের কাজে বেশি সময় ব্যয় করতে চাই। এই কারণেই এক বছর আগে আমি বার্সায় ফেরত এসেছিলাম।’
“খুবই অসাধারণ সময় কেটেছে বার্সায়। আমার ওপর ভরসা করায় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া তার আগ্রহ এবং অসাধারণ নেতৃত্বে বার্সার এখন একটি প্রথম সারির দল তৈরি করে ফেলেছে। এই দলটা বার্সাকে অতীত অবস্থান ফিরিয়ে দিতে সক্ষম।”
২০২১ সালের জুলাইয়ে বার্সেলোনার সিইও হিসেবে যোগ দিয়েছিলেন রেভার্টার। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও দায়িত্বের মাত্র সাত মাসের মাথায়ই থেকে দাঁড়ালেন তিনি।







