থানা হেফাজতে আসামিকে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর বাউফলের সার্কেল এএসপি সাইফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের পরিবারকে নিরাপত্তা দেয়ার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ ঘটনা তদন্ত করে ১৯ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশের আইজিপিকে নির্দেশও দেওয়া হয়েছে। ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে বাউফলের ওসির পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং এএসপির পক্ষে অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। আর রিট আবেদনের পক্ষে ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন।
আদালতের তলবে সোমবার এএসপি সাইফুল ইসলাম ও বাউফল থানার ওসি আজম খান ফারুকী হাইকোর্টে হাজির ছিলেন।
গত ২০ ফেব্রুয়ারি এই দুইজনকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সাথে পুলিশের আইজিপিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শীর্ষক প্রতিবেদন প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে একটি রিট আবেদন করেন নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জোছনা বেগম।







