ফুটবল

ফ্রান্স-ইংল্যান্ড উড়ছেই, আবারও ড্রয়ের ফাঁদে পর্তুগাল

ফ্রান্স-ইংল্যান্ড উড়ছেই, আবারও ড্রয়ের ফাঁদে পর্তুগাল

ইউরো-২০২০ বাছাইতে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার আইসল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এছাড়া মন্টেনেগ্রোকে ৫-১ গোলে বিধ্বস্ত করে এ-গ্রুপ থেকে চূড়ান্ত পর্বের পথে অনেকটা এগিয়ে গেছে ইংল্যান্ড। তবে সার্বিয়ার সঙ্গে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই আইসল্যান্ডকে চেপে ধরে ফরাসিরা। ফল আসে মাত্র ১২ মিনিটেই। কাইলিয়ান এমবাপের পাস থেকে গোল করেন স্যামুয়েল উমতিতি। প্রথমার্ধে ম্যাচের ব্যবধান ছিল ১-০। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অলিভিয়ের জিরু।

এর মিনিট দশেক পর স্কোরশিটে নাম তুলে আইসল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন এমবাপে। আর ম্যাচের একদম শেষ ভাগে গ্রিজম্যানের গোলে বড় জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন রোজ বার্কলে। এছাড়া হ্যারি কেন, মাইকেল কেয়ানি ও রাহিম স্টার্লিং একটি করে গোল করেন।

বাছাইপর্বের প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারিয়েছে পর্তুগাল। ঘরের মাঠে তারা সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। পর্তুগিজদের হয়ে গোল করেন ড্যানিলো পিয়েরা। সার্বদের হয়ে ম্যাচের ৭ মিনিটের সময় গোল করেন দুসান টাডিচ। তবে পয়েন্ট হারানোর চেয়ে পর্তুগালের জন্য চিন্তার ইনজুরিতে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও নিজের ইনজুরি নিয়ে চিন্তা করছেন না বলে জানিয়েছেন সিআর সেভেন।

রাতের অন্য ম্যাচে মলদোভাকে ৪-০ গোলে তুরস্ক, অ্যান্ডোরাকে ৩-০ গোলে আলবেনিয়া ও লুক্সেমবার্গকে ১-২ গোলে হারায় ইউক্রেন। এছাড়া কসোভো-বুলগেরিয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

বিষয়:ইউরো বাছাই-২০২০ ইংল্যান্ড পর্তুগাল ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…