ঢাকাই ‘নসিব’-এ বলিউডের মুকেশ ঋষি

শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে নব্বইয়ের দশক থেকে হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের পরিচিত মুখ মুকেশ ঋষি। এই অভিনেতা এবার ঢাকার ‘নসিব’ সিনেমায় অভিনয় করছেন।
আরশাদ আদনানের গল্প ভাবনায় এমডি ইকবালের পরিচালনায় আগামী ঈদুল ফিতরের মুক্তির জন্য নির্মিতব্য এই সিনেমার জন্য চলতি মাসে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন তিনি।
খবরটি জানিয়ে পরিচালক ইকবাল বলেন, ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন।
মুকেশ ঋষি বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও তার অভিনয়জীবনের বিস্তৃতি শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। বলিউডের পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
১৯৯০-এর দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করছেন এই অভিনেতা। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ।
অন্যদিকে সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।
এছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রটিও তাকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।






