ম্যাচের আগেরদিন কেন এত চিন্তিত তাইজুল, জানালেন সিমন্স
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট

দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক পারফরম্যান্স ভাবিয়ে তুলছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। টেস্টে নিয়মিত ভরসা হলেও তার বোলিং নিয়ে বাড়ছে উদ্বেগ। পাশাপাশি আলোচনা উঠছে তার কাঁধের পুরনো চোট নিয়েও। সবমিলিয়ে দলের বাঁহাতি স্পিনারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কোচ ফিল সিমন্স।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট গড়াবে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচের আগে তাইজুলের ছন্দহীনতা দল এবং তার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়েছে বলছেন কোচ।
সিমন্স বলেছেন, ‘এটা অবশ্যই উদ্বেগের, কারণ তাইজুল আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। এটা চিন্তার বিষয় এবং নিশ্চিত এটা তার নিজের জন্যও চিন্তার। তার সাথে কথা বলার সময় দেখা গেছে নিজেও এটা নিয়ে ভাবছে এবং দলের জন্যও তাই, কারণ সে আমাদের অন্যতম প্রধান বোলিং অস্ত্র।’
সংযুক্ত আরব আমিরাত সফর থেকেই তাইজুলের কাঁধে চোট সমস্যা শুরু হয়। চোট কতটা গুরুতর তা নিয়ে টাইগারদের কোচ বললেন, ‘সেটা মেডিকেল টিমকে জিজ্ঞেস করতে হবে। জানি আমিরাতে তার কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু এরপর থেকে সে ভালো থ্রো করছে, পুরোদমে বল করছে। অনুশীলনেও পুরোপুরি বল করেছে, তাই দেখে মনে হচ্ছে না এটা তাকে ভোগাচ্ছে।’






