প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) নিশ্চিত করেছে, জিয়ানলুইজি বুফনের সঙ্গে ক্লাবের সম্পর্ক শেষ হতে চলেছে। চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ঠিকানায় পাড়ি জমাবেন ইতালিয়ান কিংবদন্তি।
গত মৌসুমে জুভেন্টাস থেকে এক বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন বুফন। ফ্রেঞ্চ ক্লাবটি আরো ১২ মাসের জন্য চাইলে তার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারতো। চুক্তি নবায়ন না করে সম্পর্কের ইতি টানার পথেই হাঁটলেন বুফন ও ফরাসি জায়ান্টরা।
গত মৌসুমে পিএসজির হয়ে ১৭ ম্যাচে খেলেছেন বুফন। এরমধ্যে মাত্র ছয়টি ম্যাচে ক্লিনশিট রাখতে পারেন এ কিংবদন্তি গোলরক্ষক।
তবে পারফরম্যান্স খুব একটা মন্দও ছিল না বুফনের। ফরাসি লিগে বুফনের (৭৭.৩%) চেয়ে গোল সেভের দিক থেকে এগিয়েছিলেন কেবল ওয়াল্টার বেনিতেজ (৭৯.৫%)।







