ধর্ম ও জীবন

মাজারে সিজদা ও শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না: ছারছীনার পীর ছাহেব

মাজারে সিজদা ও শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না: ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক আকিদা ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কোরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) বাদ আছর চট্টগ্রামের ইপিজেড এলাকায় ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, ধর্মের নামে প্রচলিত শিরক, বিদআত, কুসংস্কার ও অনৈতিক কর্মকান্ড পরিহার করে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, মাজারে শায়িত ব্যক্তিরা সম্মানিত আল্লাহওয়ালা ও নেককার মানুষ। তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন  এবং তাদের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তবে মাজারে সিজদা করা, ঢোল-তবলা বাজানো, শায়িত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া কিংবা শরিয়তবিরোধী আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না। সব চাওয়া-পাওয়া ও সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র মহান আল্লাহর কাছে। নেককার ব্যক্তিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কিন্তু তাদের সরাসরি আহ্বান করা বা তাদের কাছে প্রয়োজন পূরণের প্রার্থনা করা যাবে না। এছাড়াও মাজারে অপ্রয়োজনীয় গম্বুজ নির্মাণসহ ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক সকল কার্যক্রম পরিহার করতে হবে।

চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, চট্টগ্রাম ইসলাম প্রচার, দ্বীনি শিক্ষা ও অসংখ্য আল্লাহওয়ালার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জনপদ। এ অঞ্চলের মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ অনুসরণ করে শিরক-বিদআতমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে ইনশাআল্লাহ চট্টগ্রাম একদিন আউলিয়াদের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করবে।

মাহফিলে পীর ছাহেব কেবলার সফরসঙ্গী ও বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় পীর ছাহেব কেবলা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

বিষয়:আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ইছালে ছাওয়াব নাছারছীনার পীর ছাহেব মাজার সিজদা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…