ক্রিকেট

স্বপ্নপূরণে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেলেন হৃদয়

স্বপ্নপূরণে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেলেন হৃদয়

সিলেট টেস্টে খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছিলেন তাওহীদ হৃদয়। ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে স্বাগতিকদের লিডও এনে দেন। দেশের চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন তার দখলে। চতুর্থ দিনের খেলা শেষে জানালেন অনুভূতির কথা।

সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে দলের জন্য অবদান রাখতে পেরেছি।

‘এটা আমার রিজিকে ছিল। আমি আসলে চিন্তা করিনি যে কাকে ছাড়িয়ে যাচ্ছি বা কী রেকর্ড হচ্ছে। ওই পরিস্থিতিতে আমার কেবল একটাই ভাবনা ছিল-দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু লড়াই করা সম্ভব, সেটাই করা। আমি থিতু হয়েছিলাম, দিনটা আমার ভালো যাচ্ছিল এবং ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছিল। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখার চেষ্টা করেছি।’-যোগ করেন হৃদয়।

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই সেঞ্চুরির দেখা পান হৃদয়। সেই ইনিংসকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। অনেকের কাছেই এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস হওয়ার দাবিদার। তবে হৃদয়ের কাছে সবচেয়ে বিশেষ ইনিংসের জায়গাটি এখনো দখল করে আছে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা তিনটি টানা সেঞ্চুরি।

সেই স্মৃতি মনে করে হৃদয় বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, অনূর্ধ্ব-১৯ দলে আমি টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম। আমার কাছে এখনো মনে হয়, ওটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ কিছু। যদিও সেটা বয়সভিত্তিক পর্যায়ে ছিল, তবুও টানা তিন সেঞ্চুরি করা আমার কাছে অনেক বড় অর্জন।’

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ কাভেম বাংলাদেশ সিলেট টেস্ট হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…