পাকিস্তান সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে: শান্ত

বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করছে, একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সফরে যাওয়ার আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাচ্ছেন ক্রিকেটাররা। তারপরও পাকিস্তানের মাটিতে লাল বলের লড়াইয়ে বেশ চ্যালেঞ্জ দেখছেন নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবার রাজধানীতে একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা (পাকিস্তান সিরিজ) অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল। তবে আমার মনে হয় এই ফরম্যাটে আমাদেরও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছেন। মুশফিক ভাই, মুমিনুল ভাইসহ আরও বেশ কয়েকজন। আমরা যদি আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে শক্তি অনুযায়ী খেলতে পারি, সিরিজটা অবশ্যই ভালো হবে।’
বিসিবির হাই পারফরম্যান্স এইচপি) ইউনিটের একটি দল অস্ট্রেলিয়া সফরে গেছে। ছায়া জাতীয় দল বাংলাদেশ টাইগার্স ও এইচপির আরেকটি দল চট্টগ্রামে প্রস্তুতিমূলক সিরিজ খেলছে। আপাতত ক্যাম্প না করে সামনের সিরিজের জন্য এভাবেই প্রস্তুত হচ্ছেন জাতীয় দলেরর ক্রিকেটাররা।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট করাচিতে শুরু ৩০ আগস্ট।





