নাটকের নতুন অধ্যায়, আপিল করে আবারও আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল

২০২৬ সালের জানুয়ারি মাসের ১৮ তারিখ হয়েছিল আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) এর ফাইনাল। সেই ফাইনালে লড়েছিল মরক্কো এবং সেনেগাল। ফাইনালে নির্ধারিত সময়ের শেষ দিকে মরক্কো পেনাল্টি পেলে সেনেগাল প্রতিবাদে মাঠ ছাড়ে। ১৫ মিনিট পর ফিরে এসে এদুয়ার্দো মেন্ডি পেনাল্টি ঠেকান এবং অতিরিক্ত সময়ের ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় সেনেগাল।
এ ঘটনা সেখানেই শেষ ভাবলেও পরে শুরু হয় নানা নাটকীয়তা। মার্চে এসে ফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) ঘোষণা করে সেনেগাল নয়, চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক মরক্কো। রেফারির অনুমতি ছাড়া মাঠ ছাড়ার নিয়ম লঙ্ঘনের অভিযোগে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কেড়ে নেয় হয় সেনেগালের চ্যাম্পিয়নের তকমা। কাফের সিদ্ধান্তের পর তাদের শিরোপা রেকর্ড থেকেও মুছে ফেলা হয়েছিল।
তবে ঘটনা সেখানেই থেমে ছিল না। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল সেনেগাল। মঙ্গলবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সেনেগালের আপিল মঞ্জুর করায় ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন হিসেবে পুনরায় স্বীকৃতি পেয়েছে সেনেগাল।
সেনেগালের মাঠ ছাড়ার পর আবার যখন ফেরে তখন ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তার নেয়া দুর্বল ‘পানেনকা’ শটটি সরাসরি গোলরক্ষক মেন্ডির হাতে চলে যায়। এরপর অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে ম্যাচ জিতে নেয় সেনেগাল। ওই ম্যাচ নিয়ে কাফের আপিল বোর্ডের রায়ে বলা হয়েছিল, মাঠ ছেড়ে চলে যাওয়ার মাধ্যমে সেনেগাল ম্যাচটি পরিত্যাগ করেছে। ফলে আগের ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
গত ৮ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হওয়ার কয়েক দিনের মধ্যেই রায় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিএএস। কিন্তু পরে তারা আইনি ভিত্তিসহ পূর্ণাঙ্গ সিদ্ধান্ত প্রকাশের সিদ্ধান্ত নেয়, যা ‘সিএএস অ্যাওয়ার্ড’ নামে পরিচিত। এ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় প্রয়োজন হয়। এ অ্যাওয়ার্ডের মর্যাদা একটি জাতীয় আদালতের রায়ের সমান। বিদেশি সালিসি রায় স্বীকৃতি ও কার্যকরের বিষয়ে নিউইয়র্ক কনভেনশন অনুযায়ী এটি কার্যকর করা যায়।
ফরাসি ক্রীড়া আইন বিশেষজ্ঞ জেরাল্ড সিমনের নেতৃত্বে গঠিত ক্যাস প্যানেল এই সিদ্ধান্তে পৌঁছায়। প্যানেলে আরও ছিলেন ইতালির আন্তর্জাতিক আইন বিষয়ক অধ্যাপক লুইজি ফুমাগাল্লি এবং হামবুর্গভিত্তিক আইনজীবী ও জুরিখ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উলরিখ হাস।






