নির্বাচন-নির্বাচন খেলা দিয়ে লাভ হবে না- মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন দিতে হলে অবশ্যই এর আগে সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
শনিবার সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি গত ১০ বছর ধরে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলে আসছে। এখন আমেরিকা এই অভিযোগে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিদেশের মাটিতেও প্রমাণ হলো যে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে।
সমাবেশ থেকে গণআন্দোলন গড়ে এই সরকারকে পরাজিত করার আহবান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এর আগে জেলা রেজিস্ট্রি মাঠের এই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগে দু’পক্ষের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।







