যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের তীব্র সমালোচনা করেছে চীন ও রাশিয়া। চীন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশল তার ‘স্নায়ুযুদ্ধের মানসিকতাকেই প্রকাশ করে।
ওই কৌশলে এই দুই দেশকেই আমেরিকান স্বার্থকে চ্যালেঞ্জকারী ‘প্রতিদ্বন্দ্বী’ ও ‘হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বেইজিং।
প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত পুরনো অবস্থান ত্যাগ করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, ‘যে কোনো দেশের বক্তব্যে কিংবা যে কোনো রিপোর্টে যখন সত্যকে বিকৃত করা হয় তখন তাতে কোনো লাভ হয় না। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানাচ্ছি যেন দেশটির সরকার উদ্দেশ্যমূলকভাবে চীনের কৌশলগত উদ্দেশ্যকে বিকৃত না করে এবং পুরনো ‘স্নায়ুযুদ্ধকালীন মানসিকতার পরিবর্তন করে। নইলে এতে যুক্তরাষ্ট্র শুধু নিজের এবং অন্যের ক্ষতিই করতে পারবে।’
হুয়া চুনয়িং আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক পরিস্থিতি এবং জনগণের ইচ্ছাকে মাথায় রেখে বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি সম্মান রেখে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্থিতিশীলতার সাথে এগিয়ে নিতে চীনকে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের সমালোচনা করেছে রাশিয়াও। বলেছে, রাশিয়া হুমকি হিসেবে আখ্যায়িত করে গৃহীত কোনো নীতি গ্রহণযোগ্য নয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘নিরাপত্তা কৌশলের যে অংশে আমাদের দেশের উল্লেখ আছে সেখানে চোখ বোলাতেই বেরিয়ে এলো যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী চরিত্র।’
সোমবার এই নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই এ নিয়ে সমালোচনা ও বিতর্কের শুরু।








